আসছে অমিতাভ বচ্চন ও সালমানের এনএফটি

২৫ অক্টোবর, ২০২১ ০০:৫৫  
নন-পাঞ্জিবল টোকেন বা এনএফটি বর্তমানে তারকাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি হলো এক ধরণের ডিজিটাল সম্পদ যা ব্লকচেইন ব্যবহার করে বিভিন্ন উপকরণের মালিকানার রেকর্ড রাখে। এরপর সেইসব উপকরণ ব্যবহারের সুযোগ দিয়ে আয় করা যায়। বিশ্বব্যাপী অভিনেতা, খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন পেশার তারকাদের মধ্যে এনএফটি-প্রীতি বেশ প্রবল হচ্ছে। সেখানে পিছিয়ে নেই ভারতও। একের পর এক ভারতীয় তারকা ও ক্রিকেটার এনএফটির মাধ্যমে তাদের বিভিন্ন স্মারক উপকরণ অবমুক্ত করছেন। এরই ধারাবাহিকতায় যুক্ত হয়েছে বলিউড তারকা অমিতাভ বচ্চন ও সালমান খান। রয়টার্স জানিয়েছে, এনএফটি খাতের ক্রমবর্ধমান সম্ভাবনাময় বাজারকে কাজে লাগাতে চান এই দুই তারকা। ‘বিগ বি’ খ্যাত অমিতাভ বচ্চন তার অভিনীত চলচ্চিত্রের পোস্টারে স্বাক্ষর করে সেটি এনএফটি সম্পদ হিসেবে প্রকাশ করার পরিকল্পনা করেছেন। অন্যদিকে, সালমান খান তার টুইটার অ্যাকাউন্টের চার কোটি ৩০ লাখ ফলোয়ারের সাথে এনএফটি পরিকল্পনা তুলে ধরেছেন। চলতি মাসে বলিউডের এনএফটি সম্পদ নিয়ে ‘বলিকয়েন’ নামের একটি এনএফটি বাজারের যাত্রা শুরু হয়েছে। এই বাজারের উদ্যোক্তা আয়ান অগ্নিহট্টি বলেন, বলিউডে এনএফটি একেবারেই নতুন বিষয়। তবে আমি মনে করি তারা এটিকে আরেকটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করবেন এবং সেখানে তাদের কনটেন্ট ব্যবহারের সুযোগ দিয়ে আয় করতে পারবেন। ডিবিটেক/বিএমটি